২০ আগস্ট হরতালের ঘোষণা
জামালপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। জেলা সম্মেলন বাতিলের দাবিতে দলের একাংশ গতকাল (১৮ আগস্ট) রাতে শহরে একটি মশাল মিছিল বের করলে প্রতিদ্বন্দ্বী পক্ষ থেকে ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

ছবিঃ সংগৃহীত
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে পৌরসভা চত্বরে আসার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিছিল ভেঙে যায় এবং স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে ছুটোছুটি করেন।

ছবিঃ সংগৃহীত
বিএনপির একাংশের দাবি, জেলা সম্মেলন বাতিলের দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল চলছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী পক্ষ পরিকল্পিতভাবে মিছিলে হামলা চালায়। অপরদিকে প্রতিদ্বন্দ্বী পক্ষ অভিযোগ করেছে, মিছিলকারীরাই উস্কানিমূলক আচরণ করেছিল।
ঘটনার পর মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং ২০ আগস্ট জামালপুরে অর্ধদিবস হরতালের ডাক দেন। তারা ঘোষণা দেন, হামলার সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই প্রকট আকার ধারণ করছে। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে জামালপুরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।